07 September, 2020

আশ্রয় চাই, প্রিয়তমা! - তানজীল সিদ্দিকী


 


আশ্রয় চাই, প্রিয়তমা!


নিশি রাইত - রাত জাগা কুকুরের নিঃশর্ত চিৎকার,

চেনা গন্ধ - মৃত স্বপ্নের সাথে সহবাস,

যদি এইভাবে যাপিত করুণ জীবন

একদিন তোমার কাছে আলগোছে ফিরে আসে,

কী আবেদনে কাছে টেনে নেবে তারে - ভাবতেও শিউরে উঠে শরীর।

 

ভোরের আজানে সস্তা গাঁজার বিশ্বাসে

যদি আমিও এইভাবে হামাগুড়ি ফিরে আসি,

দেবে তো তোমার উদ্বিগ্ন বাহুতে এক বিন্দু ঠাঁই?

নাকি ছুঁড়ে ফেলে দেবে বাতিল কুৎসিত ফিটাসের মতো?

ভালোবাসা চাইছিনে, করুণাই হোক

একটা আশ্রয় - ঝড়ের রাতে শুকনো শূকরের পিঠই হোক -

কিছু তো দাও!

মৃত পিঁপড়েরও তো ঠাঁই হয় বাসি চায়ের কাপে,

আর এই জলজ্যান্ত আমি, এক মানুষ তার ঠাঁই হবেনে?

 

দ্বিপাক্ষিক মৃত্যু-মিছিলে আর মানুষ নেই তুমি,

হয়ে আছো অন্য কিছু - যেন দীর্ঘ মেরু রাত্রি।

দেখো আমার দিকে -

খেয়াল করে দেখো, কুঁকড়ে যাচ্ছি আমি

শীতের ভোরে প্রায় উত্তরজীবী কুকুরের মতো।

পোষ্যই তো ভালোবাসো তুমি, তাই না?

ডাকলেই ছুটে আসে, চেটে দিয়ে যায় সর্বাঙ্গ।

নাহয় আমি পোষ্যই হবো,

মেনে নেবো তোমার প্রভুত্ব।

 

যদি এইভাবে হামাগুড়ি ফিরে আসি

দেবে তো তোমার উদ্বিগ্ন বাহুতে এক বিন্দু ঠাঁই?

নাকি ছুঁড়ে ফেলে দেবে অবহেলায় -

বাতিল কুৎসিত ফিটাসের মতো।

 

তানজীল সিদ্দিকী

সেশনঃ ২০১৮-১৯

ডিপার্টমেন্ট অফ মার্কেটিং