08 December, 2020

ভুল ফুল এত ফুটছে কেন?: তানজীল সিদ্দিকী


 ভুল ফুল এত ফুটছে কেন?

নৌকায় আছি 

নিচে লাভা, উপরে ছায়াবিথী।

পাশে আমাদের স্মৃতি কঙ্কাল 

অশরীরী ছায়ায় চোখ কান খোলা রাখছে,

বিপদ অথবা ভরাডুবির আশঙ্কাতে।

মাঝি গান গাইছে

মাঝির শরীর জুড়ে জোনাক পোকা,

আলোয় আলোয় ছেয়ে আছে তার যক্ষ্মাজনিত বক্ষ।

অভিযোগ করছি না,

উদ্ভট অনাদায়ে কিছুটা উপভোগ করছি।

 

দূরের ঐ বটগাছটায় এক জোড়া মৃত পাখি,

এই জন্মে ওদের আর বাসর হলো না -

স্পর্শের দায় শরীরে চাপিয়ে

হারিয়ে গেলো বিস্মৃতির ঘন কালো নর্দমায়।

আমরাও তো হারাচ্ছি,

প্রতিদিন কত শত অপ্রয়োজনে ফুরোচ্ছি -

নুন আর পান্তার জটিল সমীকরণে

আমরাও তো অদ্ভুত জ্বরে ভুগছি।

 

অনেক তো হলো গভীর রাতে শরাব জাবর;

দিক-দিন কম্পাসে গুঁজে বেঁচে থাকার এই তীব্র নেশা, 

আর কতদিন, মাঝি? আর কতদিন?



তানজীল সিদ্দিকী

সেশনঃ ২০১৮-১৯

ডিপার্টমেন্ট অফ মার্কেটিং