08 December, 2020

অপরিচিতা: তারমিন সুলতানা


 
অপরিচিতা

 শব্দগুলো এসেছে সে নিয়ে,

আমার চারপাশে সাজাবে বলে,

আমি দাঁড়িয়ে ছিলাম ঠিক মাঝখানটায়।


সে শব্দ গুছিয়ে নিচ্ছে আপনমনে

আর আমি?

তাকিয়ে আছি ভুলোমনে।

তার চোখের দিকে কখনো

তাকানো হয় নি আমার,

কিন্তু সে ভালোবেসে এসেছে

এত এত এতোগুলো বছর,

কেনো সে ভালবাসে?


তার চোখের মায়ার সন্ধান

আমি কখনো করি নি।

এতকাল পরেও, না খুঁজে অনুভব করেছি

তার ভালোবাসার গভীরতা।


বললাম, অনেকগুলো বছর পর!

আনমনে সে বলে, হুম, অনেকগুলো বছর পর!!


তাকে দেখে মনে হচ্ছে অগোছালো,

শব্দ মিলাতে কষ্ট হচ্ছে,

হয়তো যে শব্দটা এসেছে

তার মানেটা তাকে কষ্ট দিচ্ছে!

কি আশ্চর্য!

ভালো না বেসেও তার কষ্ট অনুভব করছি।


বললাম, সাহায্য করবো?

বললো, না, সবার সে অধিকার নেই।

আঁচ পেলাম তার বানানো শব্দের।


আমি আবার তাকিয়ে আছি তার দিকে

না কখনো হাতে হাত রেখে হেঁটেছি

না কখনো ভালোবাসার দুটো শব্দ বলেছি

তারপর ও সে ভালোবেসেছে,

আমি তার এতোই আপন ছিলাম!


সামনে এগিয়ে শব্দটা দেখলাম,

নীলরঙের রেখায় লিখা,

তুমি আমার -

'অপরিচিতা'


তারমিন সুলতানা

সেশনঃ ২০১৫-১৬

ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট