10 March, 2021

আমার জন্য একজনঃ তানজীল সিদ্দিকী


 

আমার জন্য একজন

কাঁটাতারের ওপাশে আমার জন্য একজন - হাঁটু গেড়ে বিশ্বস্ত, অপেক্ষারত।

পতাকা বৈঠকে ভালোবাসা বিনিময় হবে বলে ছুটে এসেছে

শুধু একবার ছুঁয়ে দেখবে পান্ডুর শরীর - বিষাদের মানচিত্র।

তারপর সেলাম ঠুকে হারিয়ে যাবে জনতায়,

বিনীত ভিক্ষুক আর লাম্পট্যের ম্যানিফেস্টোতে।

কেউ জানবে না 

একটা আস্ত সংসদ চুরমার হলো, চৌচির হলো  -

কেবল প্রধানমন্ত্রীর হৃদয় ভেঙেছে বলে।

 

কাদামাটির সীমান্তে কড়া প্রহরায়

আমি একাকি দাঁড়িয়ে থাকবো বুকপকেটে কবিতা আর চোখে বর্ষা নিয়ে।

শুধু বুকের গভীরে ভীষণ জানবো,

কাঁটাতারের ওপাশে আমার জন্য একজন

হৃদয়ে হতাশার পান্ডুলিপি লিখে - বিশ্বস্ত, অপেক্ষারত।


নাম : তানজীল সিদ্দিকী

ডিপার্টমেন্ট : মার্কেটিং

সেশন : ২০১৮-২০১৯