শক্ত করে আঁকড়ে ধরো, ভীষণ!
থেমে থাক সংলাপ,
বুকে জমা অভিমান,
বুকপকেটে ঠিকানা বিহীন চিঠি,
হেসে হেসে গল্প বাড়াই,
বাড়ছে বাড়ুক চিঠির ভাজ কিংবা স্মৃতির ওজন,
আচমকা মাত্রাবৃত্ত, ছুঁয়ে আকাশ,
ভালোবাসার সমাবেশ;
ধুর ছাই! ভুল সব!
ঠিকানা হারায় কত বসন্ত,
আমায় তুমি নিলামে দিলে,
বিক্রি হই কেজি দরে!
এই দাবায় আমার দান কই!
হাতবদল হয় আকাশ,
হাসি, কান্না কিংবা মানুষ;
চুড়ির শব্দ বিলীন হয়,
খদ্দের শক্ত, পালানো দায়!
কম বেশি লাভের অঙ্ক তোলা থাক,
বুক পকেটের চিঠি ভিজে গেলে যাক,
আমায় তুমি শক্ত করে আঁকড়ে ধরো!
ভেসে গেলে যাক, দূরের আকাশ,
অজস্র নিঃশ্বাস, মৃত পাহাড়।
অশ্রুজলে সাগর হোক,
কিংবা মিথ্যের ভলকানো,
শিরায় শিরায় তুমি থাকো;
আমায় শক্ত করে আঁকড়ে ধরো,
অন্ধকারে ভীষণ ভয়,
নিলামে আরো তা'ই,
আমায় ভীষণ শক্ত করে আঁকড়ে ধরো,
থেমে থাক সংলাপ,
বুক পকেটে চিঠি পড়ে থাক,
নিলামে ভীষণ ভয়,
কান্ত সময়, হার মেনেছি;
তুমি শক্ত করে আঁকড়ে ধরো,ভীষণ!
বিবর্ণ রাফি
ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট
সেশনঃ ২০১৪-১৫
