11 August, 2021

গ্রাফিতিঃ বিবর্ণ রাফি

 গলা সংকুচিত হয়, বুক ধড়ফড় করে,

চোখের মনি কোষ্ঠ থেকে বেরিয়ে আসতে চায়,

কী তীব্র ঝাঁঝালো স্বর!

কী তীব্র আহ্বান! 

বুকে রক্তাক্ত গ্রাফিতি, 

মুখে বারুদ, মাথায় মগজ জ্বলছে মশাল হয়ে!


এই মিছিল সবার জন্যে উন্মুক্ত, 

সাদা কালো, নারী পুরুষ, 

জীবিত বা মৃত, 

জীবিত মানুষের স্রোত বড় হচ্ছে,

কবর থেকে সদ্য মৃত আর অর্ধগলিত লাশেরাও আওয়াজ দিচ্ছে,

সবার বুকে আঁকা গ্রাফিতি, 

কী তীব্রভাবে মগজের মশালে জ্বলছে!


এ মিছিল আবশ্যিক, 

জীবিত পিতার পাশে মৃত মেয়ে হাটছে,

হরেক রং কিংবা সাদা কাফন,

এই মিছিল সবার জন্যে উন্মুক্ত, 

বুকে বিঁধছে সিসার গোলা,

চারপাশে লাঠিচার্জ আর ঝাঁঝালো নাইট্রোজেন,

তবু ভ্রুক্ষেপ নেই,

বুকে আঁকা গ্রাফিতি, এ মিছিল থামবে না।


বিবর্ণ রাফি

ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। 

সেশনঃ ২০১৪-১৫।