14 June, 2021

নীরবে ফিরে যাবঃ আজম মোহাম্মদ



নীরবে ফিরে যাব 


যদি বুঝতে পারি কখনো আমার অধিকার খোয়া গেছে, 

আমি নীরবে ফিরে যাব।

আমার উপস্থিতি যাকে ভীষণ পীড়া দেয়, তার বিরক্তি ছড়াবার আগেই  আমি নিজেকে গুটিয়ে নেবো। 

সম্পর্কের দিনগুলিতে আমাদের যত মধুর স্মৃতি, 

আমি তোমার জন্যে রেখে যাবো। 

দুঃস্মৃতিগুলি নাহয় আমার কাছে আমৃত্যু থেকে যাক। 

আমি খুব যত্নে রেখে দেবো। 

যে মানুষ প্রেমে পড়েছিলো একমুঠো সুখ পাবার আশায়, তার ভাগ্যে যদি বিরহ না জুটে, তবে এ কথা সত্যি, তার প্রেম হয়নি জীবনে! 

আমি যার জন্যে দুনিয়ার সবাইকে ফিরিয়ে দিলাম, সে যদি আজ আমাকে ফিরিয়ে দেয়, তবে আমি মেনে নেবো, এ আমার নিয়তি৷ 

নিজেকে শূন্য করে দান করার বিনিময় যদি কেবলই বিষাদ হয়, তবে আমি বিশ্বাস করে নেবো আমার ভালোবাসা সবচেয়ে বিশুদ্ধ ছিল। 

প্রিয়, আজ আর কোনো দাবি নেই। 

তুমি পাখি হতে চাইলে আমার আকাশটাকে স্বাধীনতা দেবো।

 

আজম মোহাম্মদ 
ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট 
সেশনঃ ২০১৫-১৬